ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।
সোমবার (৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের একটি কবরস্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন "নুরু মিয়া (৬৫) নেয়ামতপুর গ্রামের জমির হোসেনের ছেলে। এবং অন্যজন সানাউল্লাহ (১৮) একই গ্রামের মর্জু মিয়ার ছেলে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, নেয়ামতপুর গ্রামের বাসিন্দা মরহুম মতি সরকারের স্ত্রীর দাফনের প্রস্তুতি চলছিল। গ্রামের কবরস্থানে তাঁর জন্য কবর খোঁড়ার কাজে অংশ নেন স্থানীয় বেশ কয়েকজন যুবক ও এলাকাবাসী।
কবর খোঁড়ার একপর্যায়ে, কবর ঢেকে রাখার কাজে ব্যবহৃত একটি স্টিলের শিল্ড (পাত) সরাতে যান কয়েকজন। এসময় অসাবধানতাবশত স্টিলের শিল্ডটি ওপর দিয়ে বয়ে যাওয়া বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে চলে আসে। মুহূর্তের মধ্যেই পুরো শিল্ডটি বিদ্যুতায়িত হয়ে পড়ে এবং ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। এ সময় তাঁদের বাঁচাতে গিয়ে ও আশপাশে থাকা আরও অন্তত ৫ জন আহত হন।
কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আতিক আকরাম জানান "বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনায় এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।"
এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল আমিন জানান "নেয়ামতপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে দুই জনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
এই মর্মান্তিক দুর্ঘটনার পর থেকে পুরো নেয়ামতপুর গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।